ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স এখন স্বপ্ন দেখছেন নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার। একইসঙ্গে তিনি ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসেরও প্রশংসা করেছেন।
আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে সিমন্স বললেন, ‘হোয়াইটওয়াশ করতে পারব কি না জানি না; সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো অবশ্যই জিততে চাইব। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। ছেলেরা কোন দলের বিপক্ষে খেলছে সেটা বড় বিষয় নয়, তারা যেন জানে তাদের করণীয় কী।’
ওয়ানডে সিরিজে ভরাডুবির পর দলের এভাবে ঘুরে দাঁড়ানোর বিষয়ে সিমন্স বলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটো দল ভিন্ন। দুই দলে কিছু পরিবর্তন আছে। অনেকে আছে যারা ওয়ানডে দলে ছিল না, কিন্তু টি-টোয়েন্টি দলে এসে যোগ দিয়েছে। আপনি সবসময় আগের চেয়েও ভালো পারফরম্যান্স চাইবেন। ওয়ানডে সিরিজ হারের পরও ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। যদিও ওয়ানডেতেও আমরা ভালো খেলেছি।’
এদিকে দুই ম্যাচেই দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। কিন্তু তার ব্যাটে নেই রান। প্রথম টি-টোয়েন্টিতে ‘গোল্ডেন ডাক’ মারার পর দ্বিতীয় ম্যাচে করেন ৩ রান। তবে সিমন্সের আশা, শেষ ম্যাচেই রান পাবেন লিটন, ‘এই দুটি ম্যাচেই লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে দারুণ নেতৃত্ব দিয়েছে। রান করছে না এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। সব খেলোয়াড়ই ভালো করার জন্য প্রস্তুত থাকে। আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।’
ভারতের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা
বুটের আঘাতে ক্ষতবিক্ষত দোন্নারুম্মার মুখে ১০টি স্টাপল!
রিয়ালের সফলতম কোচ বললেন ‘অনেক শিরোপা, খুব ভালো লাগছে’