ঢাকা মেট্রোর সাতে সাত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে দুরন্ত ফর্ম ধরে রেখেছে ঢাকা মেট্রো। চট্টগ্রামকে ১৭ রানে হারিয়ে আসরে টানা সাতটি ম্যাচ জিতল নাইম শেখের নেতৃত্বাধীন দলটি। শামসুর রহমান শুভ এবং মার্শাল আইয়ুবের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে পাওয়া এই জয় মেট্রোর আধিপত্য আরও মজবুত করেছে। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ঢাকা মেট্রো। চট্টগ্রামের স্পিনার নাঈম হাসানের বোলিং তোপে ৩৭ রানেই তিন উইকেট হারায় তারা। ১৩ রান করা ইমরানউজ্জামানকে বোল্ড করেন নাঈম। এরপর শহিদুল ইসলামের বলে কোনো রান না করেই স্টাম্পিংয়ের শিকার হন আনিসুল ইসলাম। অধিনায়ক নাইম শেখও ২২ রান করে নাঈম হাসানের কট অ্যান্ড বোল্ডে ফেরেন। 

মেট্রোর শুরুর এই বিপর্যয়ের পর ইনিংস মেরামত করেন শামসুর রহমান শুভ এবং মার্শাল আইয়ুব। তাদের ৯৬ রানের দারুণ জুটিতে প্রতিরোধ গড়ে তোলে দলটি। মার্শাল ৪২ বলে ৫১ রান করে ফাহাদের বলে আউট হন। শুভ ইনিংসের শেষ ওভারে আহমেদ শরিফের বলে বোল্ড হওয়ার আগে করেন ৪৮ বলে ৫৬ রান। 

মেট্রোর ইনিংস থামে ৮ উইকেটে ১৫৮ রানে। চট্টগ্রামের বোলারদের মধ্যে আহমেদ শরিফ তিনটি এবং নাঈম ও ফাহাদ দুটি করে উইকেট নেন। শহিদুল ইসলামের ঝুলিতে ছিল একটি উইকেট। 

১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রামের ইনিংসও থামে ব্যর্থতার গল্পে। সাইকুর রহমান এবং ইয়াসির আলী রাব্বির লড়াই সত্ত্বেও তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে পারে। সাইকুর ৪৪ এবং রাব্বি ৪৬ রান করেন। তবে মেট্রোর বোলারদের সামনে বাকিরা দাঁড়াতেই পারেননি। 

ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে রাকিবুল হাসান, আরাফাত সানি এবং আমিনুল ইসলাম বিপ্লব দুটি করে উইকেট নেন। চট্টগ্রামের পাঁচজন ব্যাটার এদিন বোল্ড আউট হন, যা দলের ব্যাটিং দুর্বলতাকে স্পষ্ট করে তোলে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত