যশোরের পাঁচভুলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে ৩ বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, গত ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি বলেন, জামায়াতে ইসলামী অত্যন্ত উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও জুলুম-নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় বিএসএফের হত্যা ও জুলুম-নির্যাতনের জন্য বার বার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত সরকার তাতে কোনো রকম কর্ণপাত করছে না। ভারতীয়দের এমন আচরণে প্রমাণিত হচ্ছে তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না। বাংলাদেশের সাথে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারো জন্যই কল্যাণকর হবে না।
বিবৃতিতে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানান।
ব্যাংকে জিম্মিদের জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী
দেশের সম্পদ লুটে নিতে অনেকে জনসমর্থনহীন সরকার চায়