ছেলেদের সবসময় বলি চাপ নয়, উপভোগ কর: লিটন দাস

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ এএম

ব্যক্তিগতভাবে লিটন দাসের ভুলে যাওয়ার মতো একটা সিরিজ শেষ হলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার রান যথাক্রমে- ০, ৩ এবং ১৩! কিন্তু অধিনায়ক হিসেবে প্রথমবার তিন ম্যাচের সিরিজে ক্যারিবিয়নদের হোয়াইটওয়াশ করার গৌরবও আছে তার। অধিনায়ক হিসেবে তুমুল প্রশংসা পাওয়া লিটন জানালেন তার নেতৃত্বের কৌশল।

আজ শুক্রবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে অবশ্য ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হতে হয়েছিল। টেস্ট সিরিজ হয়েছিল ড্র। আজ ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় লিটন বলেন, ‘আপনি যদি দেখেন, আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজেও ভালো ক্রিকেট খেলেছি। দুর্ভাগ্যবশতঃ ম্যাচ জিততে পারিনি। তাই আমাদের মাঝে পুরো সিরিজে ভালো খেলার আত্মবিশ্বাস ছিল।’

নিজের নেতৃত্ব নিয়ে লিটন বলেন, ‘আমি সবসময় ছেলেদের বলি, কোনো চাপ নেবে না। খেলাটা শুধু উপভোগ কর। কারণ, আমরা জানি যে আমাদের সামর্থ্য আছে। আমরা ভালো করতে পারি। ফিল সিমন্সও আমাদের কোনো চাপ দেয় না। আমরা নিশ্চিন্তে ক্রিকেট খেলি। তার কাছে আমি নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করেছি। পুরো কোচিং স্টাফ আমাদের পাশে আছে এবং সবসময় নানা বিষয়ে আমাদের সহায়তা করে যায়।’

প্রথম দুই টি-টোয়েন্টির উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল বলে বোলারদের কৃতিত্ব দেন লিটন, ‘আমরা নিশ্চিতভাবেই দারুণ বোলিং করেছি। প্রতিদিন উন্নতি করে যাচ্ছি। আপনি যদি প্রথম দুই টি-টোয়েন্টি দেখেন, উইকেট ব্যাটিং করার জন্য ভালো ছিল। আমি বলতে চাচ্ছি যে, ক্যারিবিয়ানদের দারুণ ব্যাটিং লাইনআপের সামনেও আমাদের বোলাররা তাদের আসল চরিত্র দেখিয়েছে। এটা বোলিং টিমের দারুণ অর্জন। আমরা ভালো খেলেছি, পরের সিরিজে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত