বাবাকে টিভিতে দেখে মেয়ের উচ্ছাস; আবেগে ভাসলেন লিটন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ এএম

বাবার কাছে নিজের সন্তানের চেয়ে আরাধ্য আর কিছু হতে পারে না। ক্যারিবিয়ানদের ঘরে তাদেরকেই প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার পর ট্রফি নয় বরং মেয়ে আনায়রাকে নিয়ে আবেগী পোস্ট শেয়ার করেছেন লিটন দাস।

https://www.facebook.com/reel/1548772172353458

লিটন যখন দেশ থেকে অনেকদূরে উইন্ডিজে দাঁড়িয়ে ম্যাচশেষে সাক্ষাৎকার দিচ্ছেন তখন দেশে টিভি স্ক্রিনে বাবাকে দেখে কাছে এগিয়ে আসেন আনায়রা। ‘পাপা’ ‘পাপা’ বলে ডেকেও ওঠেন। ওই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিটন লিখেছেন, ‘বাড়ি থেকে দূরে কিন্তু ঘুম থেকে আগে উঠে আনায়রা যখন ওর বাবাকে দেখছে দল তখন সিরিজ জিতে নিয়েছে।’

পঞ্চপাণ্ডব পরবর্তী সময়ে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের নামটাই সবার আগে ভাবনায় আসতো ক্রিকেটপ্রেমীদের। কিছু দূর এগোলেও সেই আশা নিরাশাই রয়ে গেছে। অনেকটা অনাকাঙ্খিতভাবেই নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্বভার পান লিটন। আর পেয়েই করেছেন বাজিমাত।

ইতিহাসগড়া সিরিজ জয়ে তার ব্যাট জ্বলে না উঠলেও প্রশংসা কুড়িয়েছেন অধিনায়কত্বে। দারুণ পরিকল্পনা, ম্যাচের পরিস্থিতি নিরুপণ আর সে অনুযায়ী সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় নাজেহাল হতে হয়েছে পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত