গত মৌসুমের ৫৩ কোটি টাকা ও সর্বমোট ৭৯৩ কোটি লোকসানের বোঝা নিয়ে জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬২তম আখ মাড়াই। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব আনোয়ার কবীর।
এবার ২০২৪-২৫ মৌসুমে এ চিনিকলে ৩ হাজার ২ একর জমির ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে। এ থেকে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ। এছাড়া এবার আখ কুইন্টাল প্রতি মিলগেটে ৬০০ টাকা ও বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৮৭ টাকা দরে কেনা হবে।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। এতে করে চাষিরা আখ চাষে উদ্বুদ্ধ হয়েছেন।
চিনিকল চালু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএসএফআইসির চিফ (সিপিই) গিয়াস উদ্দীন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল ও জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশসহ অন্যান্যরা।
পঞ্চগড়ে ৯ কোটি টাকার আইসসহ যুবক আটক
‘সংঘর্ষ নয়, অতর্কিত হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী দোসর সাদপন্থীরা’