এবার ব্রাদার্সকে হারাল রহমতগঞ্জ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ বিদেশিহীন ওয়ান্ডারার্স রুখে দিয়েছে ফর্টিসকে। দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে চমক দেখিয়েছে পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। লিগে মৌসুমের প্রথম জয় পেয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ১০ জনের ব্রাদার্সকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। এর আগে ফেডারেশন কাপে রহমতগঞ্জ হারিয়েছিল মোহামেডানকে।

আজ ম্যাচের দ্বিতীয় মিনিটে স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৭০ মিনিটে চেক সেনের গোলে সমতায় ফেরে ব্রাদার্স। সাজ্জাদ হোসেন সরাসরি লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় কমলা জার্সিধারীরা। ৭৯ মিনিটে নাবীব নেওয়াজ জীবন ফের রহমতগঞ্জকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান বোয়াটেং।

চলতি মৌসুমে লিগে এই প্রথম হারল ব্রাদার্স। চার ম্যাচ শেষে দুই জয় এবং একটি করে হার ও ড্রতে ৭ পয়েন্টে চারে আছে ব্রাদার্স। চার ম্যাচের তিনটি জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে রহমতগ্জ। চার ম্যাচের সব জিতে ১২ পয়েন্টে শীর্ষে মোহামেডান।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। প্রথম জয়ে পাওয়া তিন পয়েন্টে টেবিলের আটে উঠে এসেছে ফকিরেরপুল ইয়ংমেন্স। চার ম্যাচ খেলে সবগুলো হেরে সবার তলানিতে আছে চট্টগ্রাম আবাহনী।

কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স। ৫ পয়েন্টে ফর্টিস সাত নম্বরে আর এক পয়েন্টে ওয়ান্ডারার্স আছে নয় নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত