রংপুরে আখতার হোসেন

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষিত তরুণদের পুলিশে অন্তর্ভুক্তির দাবি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম

আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করেননি। এতে মাসখানেক ধরে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ উঠেছে। যার ফলে বেড়েছে চুরি, ছিনতাই, হত্যার মতো অপরাধ।

এমন অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেছেন, দ্রুত সময়ের মধ্যে পুলিশ তাদের পূর্বের অবস্থানে ফিরে না আসলে প্রয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষিত তরুণদের পুলিশে অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হবে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর সফরে এসে মহানগরীর সাতমাথায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় আখতার হোসেন বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া হবে না।

তিনি বলেন, আগামী নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে আইনগত কোনো বাধা না থাকলেও জুলাই-আগস্টের গণহত্যা ও নিপীড়নের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রজনতা তাদের কোনভাবেই নির্বাচনে আসতে দেবে না।

নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধসহ যে ভয়ঙ্কর পাপ করেছে, সেই পাপ থেকে মুক্তির জন্য কোনো উপায় অবলম্বন করেনি। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে তারা খুনের ঘটনাগুলো ঘটাচ্ছে, এখন পর্যন্ত তাদের বিচার হয়নি।

এরইমধ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে আসলে প্রয়োজনে ছাত্রজনতা আবারও রক্ত ঝরাতে প্রস্তুত আছে বলে জানান তিনি।

নতুন দল গঠনের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা পূরণে এবং দেশকে মুক্ত করতে দেশের মানুষকে মুক্ত করতে আমরা জীবন দিতেও কুন্ঠাবোধ করিনি। তখনই নতুন একটি রাজনৈতিক শক্তি বা দল গঠনের চিন্তা আমাদের মাথায় এসেছিলো এবং সেটা অনুভব করেছি। দেশের মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণেই নতুন রাজনৈতিক দল গঠনে আমরা এগিয়ে যাচ্ছি। একইসাথে জুলাই বিপ্লবের আকাঙ্খা পূরন করতেই রাজনৈতিক দল গঠন করবে তরুণরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত