ইউক্রেনের আরও দুই গ্রাম দখলে নিল রাশিয়া

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

ইউক্রেন যুদ্ধ আর দুই মাসের মাথায় তৃতীয় বছরে পা রাখবে। এ পরিস্থিতিতে প্রবল বেগে ইউক্রেনীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলের দুইটি গ্রাম দখলের দাবি করেছে মস্কো।

আজ রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলের লোজোভা ও ক্রাসনোয়ি (ইউক্রেনে সোনৎসিভকা নামে পরিচিত) গ্রাম ‘স্বাধীন’ করেছেন।

ক্রাসনোইয়ে গ্রামটি কুরাখোভ অঞ্চলের কাছে অবস্থিত। ইতোমধ্যে এই অঞ্চলকে চারদিক থেকে ঘিরে রেখেছে রুশ সেনারা। খনিজ সম্পদ পরিপূর্ণ এ অঞ্চলের নিয়ন্ত্রণ নিলে তা রাশিয়ার দনেৎস্ক প্রদেশ দখলের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের মাত্রা অনেক বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগে যত বেশি সম্ভব ইউক্রেনীয় ভূখণ্ড দখলে করে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি প্রায় তিন বছর ধরে চলমান এই সংঘাত শিগগির নিরসন করবেন।

এই বছর মস্কোর সেনাবাহিনী ইউক্রেনে ১৯০টিরও বেশি বসতি দখল করে নিয়েছে। অস্ত্র, গোলাবারুদ ও সেনা সঙ্কটে জর্জরিত ইউক্রেন নিজ ভূখণ্ডের দখল ধরে রাখতে হিমশিম খাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত