বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

সাভারে ঠিকানা পরিবহনের বাসচাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ২য় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী প্রত্যয় সরকারের হত্যাকারী ঠিকানা পরিবহনের ঘাতক বাসচালক ও সহযোগীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আজ সোমবার সকাল সোয়া ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অবরোধ করা হলে তীব্র যানজটে আটকা পড়েন সড়ক ব্যবহারকারীরা।

এর আগে শনিবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনে ঠিকানা পরিবহনের বাসচাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত প্রত্যয় সরকার (৩০) মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে। প্রত্যয় কুমার সরকারের বাবা জনাতন সরকারও সিআরপির ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, শনিবার ঠিকানা পরিবহনের একটি বাস আমাদের সিআরপি নাসিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দেয়। এতে তার মৃত্যু হয়। প্রত্যয় হত্যার সঙ্গে জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের বিচারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দ্রুত ঘাতক বাসের চালক ও সহকারীকে শাস্তির আওতায় না আনা হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সড়ানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত