ইমরান-বুশরার বিরুদ্ধে আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ‘শীতকালীন বিরতির’ কারণে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন আদালত। সোমবার ইসলামাবাদের জবাবদিহি আদালত (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) রায় ঘোষণা স্থগিত করেছেন। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের।
 
আদালতে বিচারপতি নাসির জাভেদ রানা বলেন, আজ রায় ঘোষণা করা হবে না। ছুটি (আদালতে) শুরু হচ্ছে এবং হাইকোর্টে একটি কার্যধারাও আছে। শিগগিরই রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে আদালতে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। এ ছুটি চলবে ১ জানুয়ারি পর্যন্ত।

১৯ কোটি পাউন্ড তছরুপের অভিযোগে ইমনার খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাটি করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। এ মামলায় গত বছরের মে মাসে ইমরানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।

সাধারণ নির্বাচনের পরপরই গত ২৭ ফেব্রুয়ারি দুর্নীতির এই মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ইমরান ও বুশরা বিবি বাহরিয়া টাউন লিমিটেডের কাছ থেকে কোটি কোটি রুপি অর্থ এবং অনেক জমি নিয়েছিলেন। ইমরানের নেতৃত্বাধীন পূর্ববর্তী পিটিআই সরকারের সময় যুক্তরাজ্য পাকিস্তানকে যে পাঁচ হাজার কোটি রুপি পরিমাণ অর্থ ফেরত দিয়েছিল, তা বৈধ করতে এসব লেনদেন হয়েছে।

ডিসেম্বরে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান, তার স্ত্রী বুশরাসহ আটজনের বিরুদ্ধে আল–কাদির বিশ্ববিদ্যালয়সংক্রান্ত দুর্নীতির একটি অভিযোগ আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত