আসাদের স্ত্রীর বিচ্ছেদ নিয়ে যা বলল রাশিয়া

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ এএম

সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ তাকে ডিভোর্স দিতে চান বলে খবর ছড়িয়েছে। স্বামীকে ছেড়ে তিনি নাকি যুক্তরাজ্যে ফিরতে চাচ্ছেন। গণমাধ্যমে প্রচারিত এই খবর নিয়ে কথা বলেছে ক্রেমলিন। এ নিয়ে প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এ খবরের সত্যতা নেই।  

গতকাল সোমবার বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, আসমা মস্কোতে থাকতে চাইছেন না। ক্ষমতাচ্যুত স্বামী সেখানে নির্বাসিত জীবনযাপন করলেও হাঁপিয়ে উঠেছেন তিনি। ফলে রাশিয়া ছাড়ার জন্য আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছেন। আবেদনটি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

৮ ডিসেম্বর দামেস্কে বিদ্রোহীদের হাতে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত  হওয়ার আগে থেকেই সন্তানদের নিয়ে মস্কোয় ছিলেন আসমা। তবে বর্তমানে তাদেরকে মস্কোয় নানা বিধিনিষেধের বেড়াজালে থাকতে হচ্ছে বলে খবর প্রকাশ হয়। এসব কারণে সিরিয়ার সাবেক ফার্স্ট লেডি আসমা মস্কো ছেড়ে যুক্তরাজ্যের লন্ডনে ফিরতে চান।

১৯৭৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন আসমা। তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির তিন সন্তান। হাফেজ, জেইন এবং করিম। সিরিয়ায় বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে আসমা তার সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসিত হতে চেয়েছিলেন বলে শোনা যায়।

এসব বিষয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘না, বাস্তবতার সঙ্গে এসব মেলে না।’বাশার আল-আসাদের চলাফেরা মস্কোয় সীমাবদ্ধ রাখা হয়েছে এবং তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে—এমন খবরও নাকচ করে দিয়েছেন দিমিত্রি পেসকভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত