খ্যাতির সঙ্গে আসে বিড়ম্বনাও। জনসমক্ষে এলেই তারকাদের কাছে ছুটে আসেন ভক্তরা। মাঝে মধ্যে ভক্তদের উন্মাদনায় বিপাকেও পড়েন তারা। কিন্তু বিনোদন জগতের খ্যাতনামী মুখ হওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলিও সামলে নিতে হয় তারকাদের। শুধু মহিলা নন, সমস্যায় পড়েন পুরুষেরাও। এমনই কিছু ঘটনা শেয়ার করলেন বরুণ ধওয়ান।
নারী ভক্তদের উন্মাদনায় কয়েক বার ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখিও নাকি হয়েছেন বরুণ। এমন ঘটনাও ঘটেছে, চোখের সামনে তাকে দেখে আনন্দের আতিশয্যে তার উপর ঝাপিয়ে পড়েছেন ভক্ত। এমনও হয়েছে, নারী ভক্তরা জোর করে চুম্বন করেছেন বা জড়িয়ে ধরেছেন। এক বার উত্তেজনার বশে এক ভক্ত বরুণের নিতম্বে চিমটি কেটেছেন বলেও দাবি অভিনেতার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ বলেন, ‘দ্বারকাতে গিয়ে এই ঘটনাটার সম্মুখীন হয়েছিলাম। মোটেই ভাল লাগেনি এই সব। অনেক কিছু ঘটেছিল। এক জন আমার নিতম্বে চিমটিও কেটেছিলেন। আমার খুবই অস্বস্তি হয়েছিল।’ এক বার জনসমক্ষে এক বৃদ্ধ ভক্তের কাছে বকুনিও খেয়েছিলেন বরুণ। ‘অক্টোবর’ ছবির শুটিং করছিলেন অভিনেতা। প্রায় ১০০০ জন মানুষের সামনে চলছিল ছবির শুটিং। তখনই হাজির এই বৃদ্ধ ভক্ত।
বরুণ বলেন, ‘আমাকে অনুসরণ করতে করতে চলে এসেছিলেন তিনি। ফোন নাম্বার চাইছিলেন। আমি রাজি না হওয়ায় বলেছিলেন, রতন টাটা সব সময় ফোন নম্বর দিয়ে দেন। আমি অবাক হয়ে ভাবছিলাম, ইনি রতন টাটার কথা কেন বলছেন। মহিলার মতে ছবির অভিনেতারা খুব দাম্ভিক হন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি ফোন নাম্বার দিই। কিন্তু একটি ভুয়া নাম্বার দিয়েছিলাম ওকে।”
২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বরুণের ছবি ‘বেবি জন’। বরুণের সঙ্গে এই ছবিতে রয়েছে কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বি। ছবিতে সালমান খানকেও দেখা যাবে অতিথি অভিনেতা হিসাবে।
