শুবমানের নারী ভক্তকে রোহিতের ধমক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

ভারতের তরুণ ব্যাটার শুবমান গিল এমনিতেই বিপাকে থাকেন সারা টেন্ডুলকারকে নিয়ে। ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে শুবমানের প্রেমের গুঞ্জন বহুদিনের। কোথাও খেলতে নামলেই ভারতীয় দর্শকরা ‘সারা ভাবী’ বলে চিৎকার করতে থাকেন। তাই বলে শুবমানের কি আর নারী ভক্ত নেই?

মেলবোর্নে শুবমানের তেমনই এক নারী ভক্ত বেশ জ্বালাতন করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। বক্সিং ডে টেস্টের আগে মেলবোর্নে মঙ্গলবার অনুশীলন করছিল ভারত। অনুশীলন শেষে রোহিতসহ ভারতীয় ক্রিকেটাররা নেট ঘেরা দর্শকাসনের দিকে যাচ্ছিলেন। তখনই ওই তরুণী ভক্ত শুবমানের নাম ধরে চিৎকার শুরু করেন। রোহিত শর্মা হাত নেড়ে জানান, শুবমান ইতিমধ্যেই তার ট্রেনিং সেশন শেষ করে চলে গেছেন।

কিন্তু ওই তরুণী ভক্ত রোহিতের কথায় মোটেও দমে যাননি। তিনি পাল্টা চিৎকার করে রোহিতকে বলেন, শুবমানকে ফোন করে ডাকতে! একপর্যায়ে রোহিত আর মেজাজ ধরে রাখতে পারেননি। অনেকটা ধমকের সুরেই সেই তরুণীকে তিনি বলেন, ‘কোথা থেকে ডাকব?’ এটা বলেই রোহিত নিজের গন্তব্যে চলে যান। পরে ওই তরুণী সংবাদমাধ্যমকে জানান, তিনি শুবমানের বড় ভক্ত।

সেই তরুণীর ভাষায়, ‘আমার পা কেটে গেছে, তাই ব্যান্ডেজ বেঁধে আসতে দেরি হয়ে গেল। গতকাল আমি শুবমানকে দেখেছি অল্পসময়ের জন্য। কোনো কথা বলার সুযোগ পাইনি। ব্যান্ডেজ বাঁধতে গিয়েই আমার আজ দেরি হয়ে গিয়েছে। তাই শুবমানের সঙ্গে দেখা করতে পারলাম না। আশা করি, সে আবারও এখানে আসবে।’

উল্লেখ্য, চলতি সিরিজের প্রথম টেস্টে একাদশে ছিলেন না শুবমান। পরের দুই টেস্টে সুযোগ পেলেও বড় রান করতে পারেননি। তিন নম্বর পজিশনে নেমে মাত্র ২০ গড়ে ৬০ রান করেছেন। শুবমানকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা ধরা হয়। বিদেশের মাটিতে ২০২০-২১ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্রিসবেনে ৯১ রান করার পর থেকে তিনি আর বড় রান করতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত