দলীয় প্রধানের পদ ছাড়তে ট্রুডোকে চাপ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ এএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তার দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অনেক সাংসদ। অবশ্য ট্রুডো বড়দিন ও নববর্ষের ছুটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন বলে জানিয়েছে একটি সূত্র।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক পতিবেদনে বলা হয়েছে, নয় বছর ধরে ক্ষমতায় আছে ট্রুডোর দল লিবারেল পার্টি। এই দলের প্রতি ভোটারদের আগ্রহে ভাটা পড়েছে বলে সাম্প্রতিক জরিপ বলছে। এ ছাড়া জিনিসপত্রে উচ্চমূল্য এবং আবাসন সংকটের কারণে ট্রুডো সরকারের জনপ্রিয়তা পড়তির দিকে। এর সঙ্গে যোগ হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের শুল্ক আরোপের হুমকি। এই অবস্থায় সরকারি ব্যয় নিয়ে ট্রুডোর সঙ্গে মতভেদের জেরে গত সপ্তাহে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

এরপরই সব বিরোধী দল জানিয়ে দেয় যে, ট্রুডোর সরকারকে হটাতে তারা একসঙ্গে কাজ করবে। শুল্ক আরোপ সংক্রান্ত মার্কিন হুমকি মোকাবিলার জন্য একটি স্থিতিশীল সরকার প্রয়োজন বলে মনে করছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত