৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি মানেননি চিকিৎসকরা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ এএম

ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে দেওয়া সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন দেশের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তারা বলেছেন, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন সংশোধন করা না হলে রবিবার সারা দেশে মহাসমাবেশ করবেন তারা। একইভাবে তারা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তারা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এই ভাতা কখনোই যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন।

গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়িয়ে ৩০ হাজার টাকা ভাতা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আলী আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী এই ভাতা আদেশ জারির তারিখ থেকে অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকে প্রযোজ্য হবে বলে জানানো হয়।

প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী বিবৃতিতে বলেন, পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের সঙ্গে ওয়াদার বরখেলাপ নতুন কিছু না। কিন্তু এই নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না। নবম গ্রেড সমপরিমাণ ভাতার ওয়াদা করে ৩০ হাজারের প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করলাম।

বিবৃতিতে ৫ হাজার টাকা ভাতা বাড়ানো সরকারি সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয় এবং ন্যূনতম ৫০ হাজার টাকা ভাতার দাবিতে আরও কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ব্যাপারে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের দাবি ছিল ৫০ হাজার টাকা অথবা নবম গ্রেড ও সব সুযোগ-সুবিধাসহ। কিন্তু সরকার ৩০ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে। মাত্র ৫ হাজার টাকা বাড়িয়েছে। আমরা এটা মানিনি, প্রত্যাখ্যান করেছি।’

এর প্রতিবাদে সংগঠনের নেতৃত্বে চিকিৎসকরা বিকেল ৫টার দিকে বিএসএমএমইউয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যান। সেখানে প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ জানান। পরে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এই চিকিৎসক নেতা বলেন, ‘আমরা আলটিমেটাম দিয়েছি যে আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে যদি এই প্রজ্ঞাপন সংশোধন না করা হয় এবং আমাদের যে দাবি ৫০ হাজার টাকা অথবা নবম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী সব সুযোগ-সুবিধা অথবা মেডিকেল অফিসারের বেতনের সমান ভাতা মেনে দেওয়া না হয়, তাহলে রবিবার সারা বাংলাদেশ থেকে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা ঢাকার শাহবাগে আসবেন ও সেখানে মহাসমাবেশ করা হবে। পাশাপাশি আমাদের চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত