ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আম্পায়ার বাংলাদেশের সৈকত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

দারুণ জমে উঠেছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি। তিন টেস্টের পর ১-১ ব্যবধানে ড্র থাকা সিরিজের শেষ দুই টেস্টের পারদ আরও চড়া করতে জড়ো হয়েছে এক বাংলাদেশি। সিরিজের শেষ দুই টেস্টে আম্পায়ার হিসেবে থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

মেলবোর্নের বক্সিং ডে টেস্টে জোয়েল উইলসন ও মাইকেল গফ অন ফিল্ড আম্পায়ারের ভূমিকা পালন করবেন। তারা যখন কোনো সিদ্ধান্ত নিতে আটকে যাবেন, তখন আশ্রয় নেবেন তৃতীয় আম্পায়ার সৈকতের।

পরের টেস্টে সৈকতই থাকবেন মাঠে। সিডনিতে ৭ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে তার সাথে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন মাইকেল গফ। উইলসন চলে যাবেন থার্ড আম্পায়ারের ভূমিকায়। দুটি ম্যাচেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

বাংলাদেশ থেকে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম ও একমাত্র ব্যক্তি ৪৮ বছর বয়সী শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এখন পর্যন্ত ২৩টি টেস্ট, ১০০টি ওয়ানডে ও ৭৩টি টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে তার আম্পায়ারিং ব্যাপক প্রশংসিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত