উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পের বিকাশে কাজ করছে সরকার: আসিফ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

কৃষি ভিত্তিক শিল্পের বিকাশ এবং উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা, তিস্তা নদীর পানি সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,  উত্তরবঙ্গ বাংলাদেশের ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি যতগুলো উপজেলা ভিজিট করেছি সেখানে দেখলাম যে, ৬০-৭০ শতাংশ বেশি ফসল উৎপাদন হয়ে থাকে। সুতরাং এখানে কৃষি ও শিল্পের বিকাশের সুযোগ রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার উত্তরবঙ্গের কৃষিভিত্তিক শিল্প বিকাশে কাজ করবে। এর প্রথম উদ্যোগ হিসেবে সুগার মিলগুলো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সব বাস্তবায়ন করা হবে। এর বাইরেও সরকারের অন্যতম অ্যাজেন্ডা হিসেবে উত্তরবঙ্গের কৃষি ভিত্তিক শিল্পের বিকাশ এবং উৎপাদনের সঙ্গে দীর্ঘদিনের যে সমস্যা তিস্তা নদীর শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বন্যার মৌসুমে ভাসিয়ে দেওয়া, সেই সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে।

আসিফ মাহমুদ বলেন, পঞ্চগড়ের আরেকটি সম্ভাবনার জায়গা হচ্ছে ট্যুরিজম। ট্যুরিজমকে প্রমোট করার জন্য যে প্রস্তাবনাগুলো জেলা প্রশাসন থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে সেগুলো দ্রুতই বাস্তবায়ন করা হবে। বাংলাদেশে কক্সবাজারসহ শুধু কয়েকটি জায়গাতেই ট্যুরিজমটা হয়। আমরা এই ট্যুরিজমটাকে উন্নয়ন করতে চাই। 

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের প্রায় ১২টি জেলা ও ৫টি উপজেলা পরিদর্শন করব। শুধু একটি বিশেষ কারণে। আপনারা জানেন বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে উত্তরবঙ্গ অবহেলিত হয়েছে, বঞ্চিত হয়ে আসছে। আমি সরেজমিনে পরিদর্শন করতে চেয়েছি, আপনাদের কথা শুনতে চেয়েছি, আপনাদের দাবিগুলো জানতে চেয়েছি। উত্তরবঙ্গে যে বঞ্চনা এবং বৈষম্য হয়েছে সেটা নিরসনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করবে।

এর আগে তিনি জেলার আটোয়ারী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন । দুই উপজেলায় ৪ হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা আমির ইকবাল হোসাইন, বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা,  ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত