নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের তিনতলায় লোহার এঙ্গেল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছায়াপদ (৪৫) ও নীলদাস (৬০) নামে দুই ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় কদমতলী বড়পুকুরপাড় এলাকায় ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ছায়াপদ নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ তিতপাড়া গ্রামের ডেজাল বর্মনের ছেলে আর নীলদাস একই থানার পাথরখুড়া গ্রামের হরিসের ছেলে। তারা দুজনই সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া। তারা সম্পর্কে জামাই-শ্বশুর বলে জানা গেছে।
বাড়ির মালিক ফয়সাল আহমেদ জানান, ভবনের কাজের জন্য দুটি ভ্যানগাড়ি দিয়ে লোহার এঙ্গেল আনা হয়। গাড়ি চালক ছায়পদ ও নীলদাস এঙ্গেল গুলো ভবনের তিনতলার ছাদে উঠাচ্ছিলেন। এমন সময় অসাবধানতাবশত লোহার এঙ্গেল ভবনের উপরের বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদৃৎস্পৃষ্ট হয়ে তারা তিনতলা থেকে ছিটকে নিচে পড়ে যান। পরে তাদের দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তবে নিহতদের স্বজনদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, নির্মাণাধীন ভবনে লোহার এঙ্গেল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন ভ্যানগাড়ি চালকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। কিন্তু সেখানে গিয়ে পুলিশ কাউকে পায়নি। বাড়ির মালিক তাদের হাসপাতালে নিয়ে গেছে। তবে নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পের বিকাশে কাজ করছে সরকার: আসিফ
নদী দখল করে মায়ের নামে কলেজ নির্মাণ সাবেক মন্ত্রীর