ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তর করবে বিএনপি: প্রিন্স

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গারো, হাজংসহ সকল নৃগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ার গারো জনগোষ্ঠীর কৃষ্টি, কালচার, ইতিহাস, ভাষা তুলে ধরতে পৃথক যাদুঘর স্থাপন করা হবে।

আজ বুধবার হালুয়াঘাটের কুমুরিয়া, বিড়ই ডাকুনী, চরবাঙ্গালিয়া, বোয়ালমারা এলাকায় বিভিন্ন গির্জা ও মিশনে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বিভিন্ন গীর্জায় বড়দিন উপলক্ষে কেক উপহার দেন এবং কেক কাটেন। এ ছাড়া তিনি দুস্থ, অসহায় নারীদের শীতবস্ত্র উপহার দেন।

জানা গেছে, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৪৫টি টিমে বিভক্ত হয়ে ১৮২টি গির্জা ও মিশনে ২ দিন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন এবং গারোদের প্রতি বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছেন।

প্রিন্স বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টের সকল চক্রান্ত রুখে দিতে হবে। সবার আগে, সব কিছুর আগে দেশ। আমাদের মধ্যে ধর্মের কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশবিরোধী ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

এ সময় গারো জনগোষ্ঠীর নেতা জর্নেস চিরান, আন্দ্রীয় দ্রং, প্রবীর সাংমা, অধীর রংমা, মর্নিংটন রেমা, সতুয়েল রিছিল, সন্তোষ রেমা, ডা. লুচি দারেং, ডা. তাপস রেমা, নিবাস চাম্বুগং, প্রদীপ সাংমা এবং বিএনপি নেতা আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আব্দুল আজিজ খান, আসাদুজ্জামান আসিফ, আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, মেহেদী হাসান দুলাল, আলিমুল ইসলাম, নাইমুর আরেফীন পাপন, নূরে আলন জনি, তাজবীর হোসেন অন্তর, মশিউজ্জামান নাহিদ হাসান উজ্জলসহ গীর্জা প্রধান, পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত