সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ এএম

সচিবালয়ে আগুন নেভানোর কাজে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় সোহানুজ্জামান নয়ন (২৮) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন হাবিবুর রহমান (২৬) নামে আরও এক ফায়ার সার্ভিসের কর্মী।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বুধবার দিবাগত রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

নয়নের বাড়ি রংপুর মিঠাপুকুর উপজেলায়। তিনি তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

জানা গেছে, গতকাল দিবাগত রাতে সচিবালয়ে আগুন লাগে। এরপর সচিবালয় এলাকার ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি সোহানুরকে চাপা দেয়। গুরুতর আহত সোহানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ঘটনাস্থলে থাকা লোকজন ট্রাক এবং ট্রাকের চালককে আটক করে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস পক্ষ থেকে জানানো হয়েছে, সোহানুজ্জামান নয়ন ২০২২ সালের ২ অক্টোবর চাকরিতে যোগ দেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার এই যুবক মূলত বিশ্বনাথ ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন, তবে তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন। তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে, তার একটি বোনও রয়েছে। তার বাবা-মা এখনও জীবিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত