হাস্যকরভাবে বোল্ড হয়ে হাসতে হাসতে মাঠ ছাড়লেন স্মিথ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ এএম

বোলার বল করলেন, ব্যাটার সজোরে ব্যাট চালালেন। বল তারা ব্যাটেও লাগল, কিন্তু ড্রপ খেতে খেতে চলে গেল স্টাম্পে। স্টিভেন স্মিথ চেয়ে চেয়ে দেখলেন নিজের বোল্ড হওয়া! মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ঘটেছে এই অদ্ভুত ঘটনা। আউট হওয়ার আগে অবশ্য ১৯৭ বলে ১৩ চার ৩ ছক্কায় ১৪০ রানের ইনিংস খেলেছেন অজি তারকা।

আজ শুক্রবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১১৫তম ওভারে আকাশ দীপের প্রথম বলটিতে ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে চেয়েছিলেন স্মিথ। বল তার ব্যাটে লেগে পায়ের নিচের অংশে আঘাত হানে। সেখান থেকে এক, দুই, তিন ড্রপে সোজা গিয়ে লাগে স্টাম্পে! কোথাকার বল কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে- চেয়ে চেয়ে দেখতেই বোল্ড হয়ে যান স্মিথ!

এভাবে আউট হয়ে স্মিথ নিজেই বোকা বনে যান। তারপর হাসতে হাসতে ফিরেন ড্রেসিংরুমে। ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্মিথ ১৬৭ বলে তিন অক স্পর্শ করেন। এটা তার ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি, মেলবোর্নে পঞ্চম, ভারতের বিপক্ষে ১১তম আর অস্ট্রেলিয়ার মাটিতে ১৮তম। এর মাধ্যমেই ভারতের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত