বিসিএল সেঞ্চুরিয়ানদের তালিকায় নতুন নাম মুরশিদা খাতুন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম

এই ম্যাচেই গতকাল সেঞ্চুরি করেছিলেন ইস্ট জোনের ওপেনার দিলারা দোলা। আজ তার জবাব দিলেন সেন্ট্রাল জোনের ওপেনার মুরশিদা খাতুন। জাতীয় নারী দলের এ ব্যাটারের অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে ২ উইকেটে ২৪২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে সেন্ট্রাল জোন।

দিলারার ১০২, জান্নাতুল তিথির ৬৫ ও শারমিন সুপ্তার ৬২ রানে প্রথম ইনিংসে ৩৫৪ রান করে ইস্ট জোন। সেন্ট্রাল জোনের হয়ে নাহিদা আক্তার ৪টি ও লতা মণ্ডল ৩টি উইকেট শিকার করেন। জবাবটা ব্যাট হাতে ভালোই দেন সেন্ট্রালের ক্রিকেটাররা। ফারজানা লিসা ২৪ ও লতা ২২ রানে ফিরলেও তৃতীয় উইকেটে ১৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মুরশিদা ও নিগার সুলতানা জ্যোতি।

দ্বিতীয় দিন শেষে জ্যোতি অপরাজিত আছেন ৬৪ রানে। নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি হিসেবে প্রথম সেঞ্চুরি করেছিলেন জ্যোতি। প্রথম রাউন্ডে হয়েছিল দুটি সেঞ্চুরি। দ্বিতীয় রাউন্ডেও এ নিয়ে হলো দুটি সেঞ্চুরি। ইস্ট জোনের সুরাইয়া চান্দা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট পেয়েছেন।

দিনের অন্য ম্যাচে সাউথ জোনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে এগিয়ে আছে নর্থ জোন। প্রথম ইনিংসে নর্থ করেছিল ২৩৮ রান। জবাবে ২২০ রানে থামে সাউথের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৫৭ রান করেন রুমানা আহমেদ। জান্নাতুল ফেরদৌস সুমনা এ ম্যাচেও শিকার করেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে নর্থ জোন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত