ক্রিকেট মাঠে বিরাট কোহলিকে সবসময়ই আগ্রাসী মেজাজে দেখা যায়। চলতি মেলবোর্ন টেস্টে তার মেজাজ বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছে। স্যাম কনস্টাসকে ধাক্কা মারার পর খোদ ভারতের সাবেকরাই তার সমালোচনা করছেন। বিশ্বজুড়ে তো সমালোচনার ঝড় উঠেছে। এর মাঝেই কোহলির কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার কেরি ও’কিফ!
মেলবোর্ন টেস্টের প্রথম দিনে কনস্টাসকে ধাক্কা মারার পর ও’কিফ বলেছিলেন, ‘কোহলির পুরো ক্যারিয়ারটাই তৈরি অহংকারের ওপর। একজন অভিষিক্ত ক্রিকেটারকে দেখলেও তার অহংকার বেরিয়ে আসে!’
২৪ ঘণ্টা পরই অবশ্য ও’কিফ নিজের বক্তব্য বদলে ফেলেছেন। তিনি গতকাল শুক্রবার বলেছেন, ‘কোহলিকে অহংকারী বলার জন্য ক্ষমা চাইছি। আমার এটা বলা ঠিক হয়নি। তার একটা নিজস্ব কায়দা আছে, সেটা বজায় রেখেই খেলে। আমার মনে হয় অন্য একজন ক্রিকেটার যখন তার অনুরূপ খেলছিল, সেটা সে সহ্য করতে পারেনি। কোহলি আগ্রাসী, এটাই তাকে লড়াকু করে তোলে।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে ২০ শতাংশ জরিমানা গুনেছেন কোহলি। সেইসঙ্গে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। অথচ, কনস্টাস বারবার বলে এসেছেন, তার প্রিয় ক্রিকেটারের নাম বিরাট কোহলি।
বিপিএল থেকে সরে দাঁড়ালেন আফগান রহস্য স্পিনার
এবার দর্শকদের দুয়ো শুনে তেড়ে এলেন কোহলি