হবিগঞ্জের মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে কুদ্দুস আলী খোকনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে ঢাকার কমলাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোকন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের আব্বাস আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে মাধবপুর থানার পুলিশ ঢাকার কমলাপুর এলাকায় স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। এ সময় এসিড নিক্ষেপ মামলার আসামি কুদ্দুস আলী খোকনকে (৪০) গ্রেপ্তার করা হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত ডিসেম্বর কুদ্দুস আলী তার দ্বিতীয় স্ত্রী মোছা. শিউলি আক্তারকে (২৫) এসিড নিক্ষেপ করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরদিন শিউলি আক্তার বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলার আগে থেকে খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলাসহ আরও অনেক মামলা রয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত পবিপ্রবির উপ-পরিচালক
ক্ষমা চাইলেন কোহলিকে ‘অহংকারী’ বলা সেই অস্ট্রেলিয়ান ক্রিকেটার