ডাফি-হেনরির দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

১৭৩ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতেই ১২১ রান করে ফেলে শ্রীলঙ্কা। এরপর পথ হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচও হেরেছে লঙ্কানরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ড জিতেছে ৮ রানে।

চার বলে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কিউই পেসার জ্যাকব ডাফি। ম্যাচের গতিপথ পাল্টে দেওয়া বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন ডাফি।

আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭২ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড। জবাবে শ্রীলঙ্কা তোলে ৮ উইকেটে ১৬৪ রান।

আগে ব্যাট করতে নেমে দলীয় ৬৫ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। ষষ্ট উইকেটে রেকর্ড ১০৫ রানের জুটি গড়েন ড্যারেল মিচেল ও মিচেল ব্রাসওয়েল। টি-টোয়েন্টিতে ষষ্ট উইকেটে এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ছিল ৮৫ রান।

মিচেল করেন ৪২ বলে ৬২ রান। ব্রাসওয়েল ৩৩ বলে ৫৯ রান করেন।

জবাব দিতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার ৬০ বলে ৯০ রানে মনে হচ্ছিলো সহজ জয়ই পাবে লঙ্কানরা।

ডাফি ইনিংসের ১৪তম ওভারে ফেরান কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা ও কামিন্দু মেন্ডিসকে। আরেক ওপেনার কুশাল মেন্ডিসের ৩৬ বলে ৪৬ ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি। বাকি সবাই ফিরেছেন এক অঙ্কের ঘরে রান করে।

শেষ দুই ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২০ রান। নিশাঙ্কা টিকে থাকায় জয়ের আশা করছিল শ্রীলঙ্কা। ১৯তম ওভারের দ্বিতীয় বলেই নিশাঙ্কাকে ফেরান ম্যাট হেনরি। একই ওভারে রাজাপাকসাকেও ফেরান তিনি।

শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। তবে জাকারি ফোকসের করা ওভারে দুই উইকেট হারিয়ে পাঁচ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।

ডাফি ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন, ম্যাট হেনরি ২৮ রানে নেন ২ উইকেট। ফোকস ৪১ রানে নেন ২ উইকেট।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত