নারী জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় রাউন্ডের দুই ম্যাচই ড্র হয়েছে। আজ শেষ দিনে সব আলো নিজের দিকে করে নেন নিগার সুলতানা জ্যোতি। নারীদের প্রথম শ্রেণী ক্রিকেটে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন জ্যোতি।
ইস্ট জোনের বিপক্ষে আগের দিন ৬৪ রানে অপরাজিত থাকা জ্যোতি ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। শনিবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার তিনি ছোঁন ২১৮ বলে। শেষ পর্যন্ত ৩২২ বলে ১৭১ রানের ইনিংস খেলেন সেন্ট্রাল জোনের অধিনায়ক জ্যোতি। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জ্যোতির এই ইনিংসই এখন পর্যন্ত বিসিএলের সর্বোচ্চ রানের ইনিংস। পেছনে ফেলেন একই দলে খেলা মুরশিদা খাতুনের ১৭০ রানের ইনিংসকে।
সেন্ট্রাল তৃতীয় দিনটা শুরু করেছিল ২ উইকেটে ২৪২ রান নিয়ে। মুরশিদা ১২২ রানে ব্যাট করছিলেন। মুরশিদাকে এলবিডব্লু করে দুজনের ২২৮ রানের তৃতীয় উইকেট জুটিটা ভাঙেন পূর্বাঞ্চল অধিনায়ক ফাহিমা খাতুন। ফেরার আগে ২৮৬ বলে ২৩ চারে ১৭০ রান করেছেন মুরশিদা। সেন্ট্রাল জোন ৮ উইকেটে ৫২৮ রান তোলার পর ম্যাচ শেষ হয়। প্রথম ইনিংসে ইস্ট জোন অলআউট হয়েছিল ৩৫৪ রানে। জবাবে ড্র হওয়া ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জ্যোতি।
নর্থ ও সাউথ জোনের ম্যাচটি শেষদিনে জমে উঠেছিল। নর্থের হয়ে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন জাতীয় দলের আরেক ব্যাটার সোবহানা মোসতারি। ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। ১৪৬ বলে ১৪টি চার ও ৪ ছক্কা মেরেছেন এই টপ অর্ডার ব্যাটার। সোবহানার দল ৫ উইকেটে ২৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়ে দিয়ে দক্ষিণাঞ্চলকে ২৭৬ রানের লক্ষ্য দেয়। লক্ষ্য ছুঁতে দুই সেশন সময় পেয়েছিল দক্ষিণ। দলটি ৮ উইকেটে ২৩২ রান তোলার পর শেষ হয়ে যায় দিনের খেলা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন রুবাইয়া হায়দার।
তামিমের ‘কলে’ বরিশালে শাহিন
আবার সেঞ্চুরি হাঁকালেন ‘রানমেশিন’ জ্যোতি