কক্সবাজারের উখিয়ায় ‘মোবাইল চুরির’ অভিযোগে মোহাম্মদ আরাফাত (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনস্থ তাজমান হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ আরাফাত (২২) পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুটিবুনিয়া এলাকার জালাল আহমদ ওরফে জালাল হাজীর ছেলে।
নিহতের ভাই জয়নাল আবেদীন জানান, গতকাল দুপুরে স্থানীয় যুবক জাহেদ ও সাহাব উদ্দিনসহ আরও কয়েকজন আরাফাতকে ফোন করে ডেকে নিয়ে যান। পরে মোবাইল চুরির অভিযোগে এনে তাকে বেঁধে কয়েক দফা মারধর করা হয়। এরপর রাতে তাকে মুর্মুষ অবস্থায় স্থানীয় পুটিবুনিয়া এলাকাস্থ সেনাবাহিনীর ক্যাম্পের পাশে ফেলে রেখে যান অভিযুক্তরা। খবর পেয়ে স্বজনরা আরাফাতকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি বলেন, ‘চুরির অভিযোগে প্রতিপক্ষের মারধরে ওই যুবক মারা গেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। স্বজনদের অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে।’
আজ সকালে নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
৫ আগস্টের পর ব্যাংক দখল করেছে ইসলামি একটি দল: রিজভী
বছরটা ছিল ওয়ামিকার