মেলবোর্নে ভারতের নতুন তারকার আগমনধ্বনি শোনা গেছে। ভারতের প্রথম ইনিংসে প্রচণ্ড চাপের মাঝে সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা নিতিশ কুমার রেড্ডি। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেছেন ১১৪ রানের ইনিংস। ব্যাটিংয়ের পাশাপাশি ২১ বছর বয়সী এই তারকার উদযাপনও সবার নজর কেড়েছে। কিন্তু তার সেই উদযাপনের রহস্য কী?
স্কট বোলান্ডের বল মিড অনের উপর দিয়ে বাউন্ডারি পার করেই মাঠে হাঁটু মুড়ে বসে পড়েন নিতিশ। তারপর হাতে থাকা ব্যাট মাটিতে লম্বালম্বি ধরে সেটার ওপর রাখেন হেলমেট। এরপর ডান হাত দিয়ে ব্যাট ধরে বাঁ হাত তোলেন আকাশের দিকে। এরপর চোখ বন্ধ করেন। অনেকটা ‘বাহুবলী’ মুভিতে এভাবেই বসতে দেখা গিয়েছিল নায়ককে। তাই অনেকে নিতিশের উদযাপনকে বাহুবলীর সঙ্গে তুলনা করছিলেন।
তবে দিনের খেলা শেষে নিতিশ জানান, তিনি ভারতের জাতীয় পতাকাকে স্যালুট করছিলেন। নিতিশের ভাষায়, ‘সেঞ্চুরি করার পর আমি ব্যাট মাটিতে পোঁতার মতো করে ধরে সেটার ওপর হেলমেট রেখেছিলাম। অর্থাৎ, ওটা জাতীয় পতাকা। তারপর পতাকাকে স্যালুট করেছি। দেশের হয়ে খেলার চেয়ে বড় কৃতিত্ব কিছু নেই। তাই ওভাবে উল্লাস করেছি। এই সেঞ্চুরি আমার সারাজীবন মনে থাকবে।’
নিতিশের খেলা দেখতে গ্যালারিতে ছিলেন তার পিতা মুতিয়ালা রেড্ডি। ছেলেকে খেলোয়াড় বানানোর জন্য তিনি অনেককিছু ত্যাগ করেছেন। সরকারি চাকরি ছেড়েছেন। তাই নিতিশের সেঞ্চুরির পর আবেগ ধরে রাখতে পারেননি। গ্যালারিতে বসেই কেঁদেছেন। পিতার সেই কান্না দেখেছেন নিতিশ, ‘আমি দেখছিলাম বাবা কাঁদছে। আমি বাবাকে গর্বিত করার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন সত্যি হয়েছে।’
পেরেরা ঢাকার ক্যাপ্টেন; আর লিটন হলেন ‘মেইন ম্যান’
ভারতের জয়ের আশা চুরমার করে দিলেন লায়ন-বোল্যান্ড
তারকাবিহীন বিপিএল দেখা যাবে ২০০ টাকায়