বেলাবোতে সড়ক দুর্ঘটনায় উপসহকারী প্রকৌশলী নিহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

নরসিংদীর বেলাবোতে সড়ক দুর্ঘটনায় উপসহকারী প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা (৩১) নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বেলাবো উপজেলারপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফয়সাল মোল্লা বেলাবো উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে বেলাবো উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেছিলেন। তিনি শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। 

জানা যায়, উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা অফিসিয়াল কাজে  মোটরসাইকেলযোগে বটেশ্বর গ্রামে যাচ্ছিলেন। বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টরের (ইছারমাথা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রকৌশলী ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন, আমাদের হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়। সম্ভবত ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। 

বেলাবো উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার জানান, অফিসিয়াল কাজে সকালে বের হন ফয়সাল। দুইটা পাঁচ মিনিটে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাবো থানায় মামলার প্রস্তুতি চলছে। মাহেন্দ্রটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত