টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ হবেন কারা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে আসছে বছরের ১১ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে প্রোটিয়ারা। তাদের প্রতিপক্ষ কারা হবেন সেই তালিকায় রয়েছে তিনটি নাম। অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা। দেখে নেওয়া যাক কাদের সম্ভাবনা কেমন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির দুটো ম্যাচের ফল আসা বাকি রয়েছে। অস্ট্রেলিয়া এর পর শ্রীলঙ্কায় গিয়ে খেলবে দুটি টেস্ট। এই চারটি টেস্টের ফলের উপর নির্ভর করছে কে হবেন দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ।

ভারত:

অস্ট্রেলিয়া সফরে ভারত যদি বাকি থাকা দুটি টেস্টেই জয় পায় তাহলে তাদের শতাংশ দাঁড়াবে ৬০.৫৩। তাতেই নিশ্চিত হবে ফাইনাল খেলা। ভারত যদি একটিতে জেতে আর একটি ড্র করতে সমর্থ হয় তাহলে শতাংশ হবে ৫৭.০২। অস্ট্রেলিয়া যদি লঙ্কায় গিয়ে দুটি টেস্টেই জেতে তাদের শতাংশ হবে ৫৮.৭৭।  তখন কপাল পুড়বে ভারতের। লঙ্কা সিরিজের কী হবে সেটি ছাড়াও ভারত যদি অস্ট্রেলিয়া সফরে একটি টেস্ট ড্র আর একটি হেরে যায় তাহলে ছিটকে পড়বে ফাইনালের দৌড় থেকে।

অস্ট্রেলিয়া:

অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে একটি জয় ও একটি ড্র করে এবং শ্রীলঙ্কা সফরে দুটিতেই হেরে যায় তাহলে ভারতকে টপকালেও শ্রীলঙ্কার কাছে পিছিয়ে পড়তে হবে। ভারতের কাছে দুটি টেস্টেই হেরে গেলে ফাইনালের দৌড় শেষ হয়ে যাবে অজিদের। ভারতের সঙ্গে দুটোতে ড্র করলে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত একটি টেস্ট জিততেই হবে অস্ট্রেলিয়ার।

শ্রীলঙ্কা: 

শ্রীলঙ্কা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে ভারত সিরিজের ফলের উপর নির্ভরশীল। মেলবোর্ন ও সিডনির দুটি টেস্টই যদি ড্র হয় কিংবা অস্ট্রেলিয়া অন্তত একটিতে জেতে তাহলেই জিইয়ে থাকবে তাদের সম্ভাবনা। সেক্ষেত্রে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারালেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত