নিজ ফ্ল্যাটে আরজে সিমরানের লাশ, আত্মহত্যা নাকি অন্য কিছু?

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় ফ্রিল্যান্স রেডিও জকি (আরজে) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান সিং। তাকে গুরুগ্রামের ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ২৫ বছর বয়সী সিমরান। তবে ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। 

জানা যায়, জম্মু এবং কাশ্মীরের বাসিন্দা সিমরান রেডিও মির্চির জনপ্রিয় আরজে ছিলেন। গুরুগ্রামে একটি ফ্ল্যাট ভাড়া করে বন্ধুর সঙ্গে থাকতেন। ঘটনার দিন সে বন্ধুই পুলিশকে ফোন করে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত সিমরানকে হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

গুরগাঁওয়ের ৪৭ নম্বর সেক্টরের নিজ অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সিমরানের। তার বন্ধুরা ফোন ও মেসেজ করেছিলেন তাকে। কিন্তু কোনও সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানায় তারা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সোশ্যাল মিডিয়ায় সিমরানের ব্যাপক জনপ্রিয়তা। এ ছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে হাজার হাজার ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে তার। শুধু তাই নয়, সংগীতের প্রতি ভালোবাসার কারণেও বেশ পরিচিত ছিলেন তিনি। এ ছাড়া নিজেকে একজন প্রতিভাবান আরজে হিসেবে প্রতিষ্ঠিক করেছিলেন সিমরান। 

পরিবার জানায়, সিমরান বেশকিছু দিন ধরেই মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। এ কারণেই চরম পদক্ষেপ নিতে পারেন। সিমরানের মৃত্যুর জন্য কাউকে দায়ী মনে করেনি তার পরিবার। তাই থানায় সিমরানের রহস্যময় মৃত্যুতে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

প্রসঙ্গত, অল্প বয়সেই জনপ্রিয়তা আর ভক্তদের ভালোবাসা পেয়েছিলেন সিমরান। ছিলেন বিভিন্ন  নামীদামি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। সিমরানের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় সাত লাখ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত