সাহসী সিদ্ধান্ত সৈকতের, এবার খুশি কামিন্স

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম

মেলবোর্নের বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। বিনা উইকেটে ভারত দ্বিতীয় সেশন কাটিয়ে দেওয়ার পর মনে হচ্ছিলো ড্রয়ের পথে এগোচ্ছে টেস্ট। তবে শেষ সেশনে দ্রুতই তিন উইকেট তুলে নেয় অজিরা। এর পরও একপ্রান্ত আগলে রেখেছিলেন যশস্বী জয়সওয়াল। প্যাট কামিন্সের একটি বাউন্সারে পুল করতে গেলে কিপার ক্যারির গ্লাভসে জমে বলটি। মাঠের আম্পায়ার আউট না দিলে কামিন্স নেন রিভিউ। সৈকত আউটের সিদ্ধান্ত জানালে ৮৪ রানে বিদায় হন যশস্বী। তাতেই কপাল পুড়ে ভারতের।

সৈকতের এ সিদ্ধান্ত নিয়ে ভারতীয়দের মধ্যে চলছে সমালোচনার ঝড়। কেননা স্নিকোমিটারে আগে থেকেই স্পাইক দেখা যাচ্ছিলো। তাই প্রযুক্তির সাহায্যে পরিস্কার সিদ্ধান্ত দেওয়া সম্ভব হচ্ছিলো না। বার বার রিপ্লেতে দেখা যায় বলটি গতিপথ পরিবর্তন করছে। এ জন্যই যশস্বীকে আউটের সিদ্ধান্ত দেন সৈকত। 

এর আগে ভারতের প্রথম ইনিংসে প্যাট কামিন্সের বল মোহাম্মদ সিরাজের ব্যাট ছুঁয়ে  স্লিপে থাকা স্টিভ স্মিথের কাছে গেছে নাকি মাটি ছুঁয়েছে- সে বিষয়ে মাঠের আম্পায়ার মাইকেল গফ নিশ্চিত হতে পারেননি। ডাক পড়ল তৃতীয় আম্পায়ার সৈকতের। তিনি মাত্র দুইবার রিপ্লে দেখেই জানিয়ে দিলেন, বল মাটি স্পর্শ করেনি। তাই সিরাজ আউট নন। সেই সিদ্ধান্তে অসন্তুষ্ট হন অজি অধিনায়ক কামিন্স। পরে তিনি রিভিউ নিতে চাইলেও আম্পায়াররা সাড়া দেননি।

পাঁচবার আইসিসির সেরা আম্পায়ারের স্বীকৃতি জেতা সাইমন টফেলের দৃষ্টিতে সৈকতে সিদ্ধান্ত একেবারেই সঠিক। নেটওয়ার্ক সেভেনের ধারাভাষ্যে সাইমন বলেন, ‘প্রযুক্তির থাকায় আমাদের কাজে অনেক সুবিধা হয়েছে। কিন্তু যেখানে খালি চোখেই বলের গতিপথ বদলে যেতে দেখা যাচ্ছে সেখানে প্রযুক্তি ব্যবহারের কোনো প্রয়োজন নেই।’

সৈকতের সাহসী সিদ্ধান্তের জন্যই মেলবোর্ন টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথেও এগিয়ে গিয়েছে অনেকটা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত