কখন কতটা ঝুঁকি নেওয়া উচিত তা পান্তকেই বুঝতে হবে: রোহিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শেষ দিনে ৩৪০ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় নেমে ৩৩ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে প্রথম সেশনের বাকি সময় ও দ্বিতীয় সেশনের পুরোটাজুড়ে ক্রিজ আগলে রেখেছিলেন যশস্বী জয়সওয়াল ও রিশভ পান্ত। কিন্তু শেষ সেশনের শুরুতেই ঝুঁকিপূর্ণ শট খেলে আউট হয়ে যান পান্ত। ওই উইকেট থেকেই ম্যাচের মোড় ঘুরে যায় অজিদের পক্ষে। শেষ পর্যন্ত ১৮৪ রানের ব্যবধানে ম্যাচ হারে ভারত।

প্রথম ইনিংসে পান্তের আউট হওয়ার ধরন দেখে সমালোচনায় ‘স্টুপিড’ শব্দটি ব্যবহার করেছিলেন কিংবদন্তি সুনিল গাভাস্কার। মেলবোর্ন টেস্ট হারের পর পূর্বজের মতো বিরক্তি ঝড়েছে অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠেও। পান্তের আউট নিয়ে প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘পান্তকে বুঝতে হবে ওর কাছ থেকে কী চাওয়া হচ্ছে। এটা কারও বলে দেওয়ার বিষয় নয়। এগুলো নিজেকে বুঝতে হয়। ওর নিজেরই বোঝা উচিত কোন পরিস্থিতিতে কী করা দরকার। কোনটা ঠিক, কোনটা ভুল।’

পরে অবশ্য নিজের খেলোয়াড়ের পাশেও দাঁড়ান রোহিত, ‘ক্রিকেটে অনেক সময় এ রকম হয়। আজকের আউট নিয়ে কোনও কথা হয়নি। আমরা সকলেই খুব হতাশ। তবে অতীতে এভাবে খেলেই পান্ত আমাদের প্রচুর সাফল্য এনে দিয়েছে। ও যে ভাবে খেলে সেটা দেখে অনেক সময় মনে হয় এভাবেই খেলতে দেওয়া উচিত। আবার কখনও কখনও সাফল্য না এলে হতাশ লাগে। দেখতেও ভাল লাগে না। সাফল্য এবং ব্যর্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। অনেক সময় সফল হয়েছে বলে অধিনায়ক হিসাবে এ ভাবে না-খেলার পরামর্শ দেওয়া কঠিন। তবে সমস্যাটা পান্তকেই বুঝতে হবে। ম্যাচের পরিস্থিতি বুঝতে হবে। কখন কতটা ঝুঁকি নেওয়া যায় বা উচিত, তা-ও বুঝতে হবে। এমন কিছু করা ঠিক নয়, যা প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দিতে পারে।’

রোহিত আরও যোগ করেন, ‘অনেক দিন ধরে চিনি পান্তকে। ওর খেলার ধরন বুঝি। ওর সঙ্গে কোনও কথাই হয়নি বা পান্ত বুঝতে পারছে না এমন নয়। দলের প্রয়োজন বুঝে খেলাটা গুরুত্বপূর্ণ।’ এই ম্যাচের হার কার্যত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে দিয়েছে ভারতকে। সিরিজেও পিছিয়ে পড়েছে তারা। রোহিত-বিরাটদের ব্যাটও কথা বলছে না। তাই সিডনিতে শেষ টেস্টে নৈপুণ্যের প্রদর্শন এবং জয়ের কোনো বিকল্প নেই ভারতের হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত