নড়াইলে বই বিতরণ উৎসব

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম

বছরের প্রথম সকালে নতুন বই পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। সব বই হাতে না পেলেও প্রথম সকালে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছাসিত তারা। অল্প কয়েকদিনের মধ্যেই বাকি বই পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নড়াইল কালেক্টরেট স্কুলে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ ছাড়াও তিনি নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

বই উৎসবে বক্তব্যে প্রধান অতিথি বলেন, ‘নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে। শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের প্রতি আসক্ত না হয় সে জন্য অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া অভিভাবকরা তাদেরকে সময় দিবেন। পড়াশোনায় মনোযোগী করতে কোনোক্রমেই মোবাইল ফোন হাতে দেওয়া যাবে না।
  
পাঠ্যক্রমে কিছু পরিবর্তনের কারণে বছরের প্রথমদিনে সব বই হাতে না পেলেও দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা বই হাতে পাবে বলে তিনি জানান।

নড়াইল কালেক্টরেট স্কুলে বই বিতরণ উৎসবে আরও উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মো. আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার শ্রাবনী বিশ্বাস, সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো. উজির আলী প্রমুখ। এ ছাড়া অভিভাকক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত