গজারি বনে পড়েছিল যুবকের লাশ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার সরকারি গজারি বন থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহতের পরনে সাদা কালো চেক টিশার্ট ও খয়েরি রঙের লুঙ্গি রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা যুবকটি নেশাগ্রস্ত অবস্থায় শীতে তার মৃত্যু হতে পারে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক সড়কে সরকারি গজারি বনে ময়লার স্তূপে আগুন লাগানো অবস্থায় গতকাল বুধবার বিকেল থেকেই ওই যুবককে আগুন পোহাতে দেখেন স্থানীয়রা। পরে সকালে ওই আগুনের পাশেই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে সকাল ১০টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় সনাক্তের কাজ চলছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত