সৌদিতে ৬ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড, রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল তেহরান

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম

মাদক চোরাচালানের দায়ে ৬ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। তাদের মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, দণ্ডিতরা দেশটির পূর্ব প্রদেশে গোপনে হাশিশ চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল। নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছিল। সেখানে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়।

জানা গেছে, আদালতের আদেশের পর আসামিরা আপিল করে কিন্তু সুপ্রিম কোর্ট রায় বহাল রাখে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদকের ক্ষতি থেকে নাগরিকদের রক্ষায় সরকারের কঠোর অবস্থান অক্ষুণ্ন থাকবে। 

মানবাধিকার সংস্থাগুলো নিয়মিতভাবে সৌদিতে সাজা হিসেবে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে সমালোচনা করে থাকে। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ড অপরিহার্য এবং এটি কেবল সব ধরনের আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পরই কার্যকর করা হয়।

শিয়া আলেম নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর ২০১৬ সালে সৌদি ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। পরে ২০২৩ সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপিত হয়। এর মধ্যে নতুন করে ৬ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদ জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদের এমন কর্মকাণ্ড ‘অগ্রহণযোগ্য’। একই সাথে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এ ঘটনায় তেহরানে নিয়োজিত সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত