ফের খোঁচা দিয়ে আউট; সিডনিতেই ক্যারিয়ার শেষ কোহলির?

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম

বাজে ফর্মের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। আবার তার বাদ পড়ার দাবিও করেছে ভারতের কিছু গণমাধ্যম। সে যাই হোক, রোহিতের ছিটকে যাওয়া দেখেও শিক্ষা নেননি ফর্মহীনতায় ভোগা আরেক তারকা বিরাট কোহলি। আজ সিডনিতে সেই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হয়েছেন।

দলীয় ১৭ রানে দ্বিতীয় উইকেট পতনের পর কোহলি ব্যাটিংয়ে এসেই স্কট বোল্যান্ডের প্রথম বলে স্লিপে ক্যাচ তুলে দেন। স্টিভেন স্মিথ ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি না করে ওপরে ছুড়ে দেন। গালি অঞ্চলে মারনাস লাবুশেন সেটি তালুবন্দী করেন। সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের ডাক পড়ে। টিভি রিপ্লে দেখার পর কোহলিকে নট আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার।

আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিতর্কের সৃষ্টি হয়েছে। কিন্তু মুফতে পাওয়া এই জীবন কাজে লাগাতে পারেননি কোহলি। মাত্র ১৭ রান করে সেই বোল্যান্ডের বলেই ক্যাচ দিয়ে ফিরেছেন। তার আউট হওয়ার ধরণ রীতিমতো দৃষ্টিকটু। স্কট বোলান্ডের বল ছিল পঞ্চম স্টাম্পে। সেই বলে ব্যাট এগিয়ে দেন কোহলি। খোঁচা লেগে বল চলে যায় ওয়েবস্টারের হাতে।

অফস্টাম্পের বাইরের বল ছেড়ে না দিয়ে খোঁচা মারা কোহলির জন্য নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ শুরুতে ব্যাট তিনি শরীরের কাছেই রাখছিলেন। মিচেল স্টার্কের বলগুলো ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু অজি পেসাররা তার জন্য অফস্টাম্পের বাইরেই ফাঁদ পেতেছিল। একপর্যায়ে সেই ফাঁদে পা দেন কোহলি। শেষ হয়ে যায় তার ইনিংস।

ভারতীয় গণমাধ্যমে আলোচনা হচ্ছে, সিডনিতেই হয়তো ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলে ফেলছেন কোহলি। এরপর অবসর না নিলে তাকে হয়তো বাদ দেওয়া হবে! সিডনিতে অবশ্য ভারতের সবাই বাজে ব্যাটিং করেছেন। সর্বোচ্চ ৪০ রান করেছেন রিশাভ পান্ত। এছাড়া আর কেউ ত্রিশের ঘরেও যেতে পারেননি। ভারতের প্রথম ইনিংস থেমেছে মাত্র ১৮৫ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত