কনস্টাসের স্লেজিংয়ে উত্তেজিত বুমরা তেড়ে গেলেন বল হাতে!

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ওপেনার স্যাম কনস্টাস সেই মেলবোর্ন টেস্ট থেকেই আলোচনায় আছেন। ব্যাট হাতে দারুণ পারফর্মেন্সের পাশাপাশি বিরাট কোহলি তাকে ধাক্কা দেওয়ায় আলোচনাটা হয়েছে বেশি। তবে সদ্য অভিষেক হওয়া কনস্টাস কিন্তু স্লেজিংয়ে কম যান না। এবার ভারত অধিনায়ক জসপ্রিত বুমরাকে স্লেজিং করার মাসূলও দিতে হলো তাকে।

সিডনি টেস্টের প্রথম দিনে আজ শুক্রবার মাত্র ১৮৫ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এরপর ১ উইকেটে ৯ রান তুলে দিন শেষ করে অস্ট্রেলিয়া। সেই উইকেটটি ছিল উসমান খাজার। ঘটনার সূত্রপাত দিনের শেষ বলের আগে। বুমরা বল করার জন্য দৌড় শুরু করলেও খাজা তখনও প্রস্তুত ছিলেন না। আম্পায়ার বুমরাকে থামিয়ে দেন। বুমরা বিরক্ত হয়ে কিছু বলছিলেন।

খাজা আউট হয়ে যাওয়ায় কনস্টাসের স্লেজিং মাঠে মারা যায়।

তখন ননস্ট্রাইকে থাকা কনস্টাস বুমরার দিকে ফিরে স্লেজিং করতে থাকেন। ভারত অধিনায়ককে তখন বেশ উত্তেজিত দেখাচ্ছিল। কনস্টাসকে নিয়ে ধারাভাষ্যকারও বলছিলেন, ‘এই বাচ্চার ভয়ডর নেই।’ কিন্তু শেষ বলেই বদলে যায় দৃশ্যপট। বুমরার বল খাজার ব্যাট ছুঁয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের হাতে। উইকেট নিয়েই কনস্টাসের দিকে আগ্রাসীভাবে ছুটে যান বুমরা।

এসময় কোহলিকেও দেখা যায় কনস্টাসের দিকে এগিয়ে আসতে। যোগ দেন প্রসিদ্ধ কৃষ্ণও। তবে কাছাকাছি গিয়ে বুমরা নিজেকে নিয়ন্ত্রণ করেন। খাজা ততক্ষণে প্যাভিলিয়নের দিকে হাঁটা দিয়েছেন। একা দাঁড়িয়ে কনস্টাস আর নতুন করে কিছু বলার সাহস পাননি। দ্রুত দৌড়ে এসে পরিস্থিতি সামলান রাহুল এবং ওয়াশিংটন সুন্দর। কিছু করার নেই বুঝে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথে পা বাড়ান কনস্টাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত