জয়কে আর বিদেশ পাঠাবেন না অপু বিশ্বাস

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম

গত বছরের এপ্রিলেই অপু বিশ্বাস বলেছিলেন, ‘শাকিব আর আমি দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছরেই পড়াশোনার জন্য বিদেশে যাবে জয়।’ তবে এটা আর হচ্ছে না। এ বিষয়ে অপু বলছেন, হ্যাঁ সিদ্ধান্ত ছিল জয় বিদেশে পড়তে যাবে, সিদ্ধান্তটা আমার ও ওর বাবার দুজনের পক্ষ থেকেই ছিল। কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না। ফলে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। 

আজ শুক্রবার সন্ধ্যায় দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী। 

বাবাকে ছাড়া থাকতে না পারার কারণকে আরও জোরালোভাবে ব্যাখ্যা করলেন কোটি টাকার কাবিন খ্যাত নায়িকা। বললেন, ‘আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে, ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে। জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব না। তাই ওর বাবাও সেটা মেনে নিয়েছে, বলা যায় খুশিই হয়েছে। কেননা দুজন দুজনকে ছাড়াই থাকতে পারে না। তাছাড়া জয়ের চোখে পৃথিবীর সেরা হিরো ওর বাবা। সে নিজেই ওর বাবাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে বলেছে বাবা তুমি অনেক স্মার্ট, আমার চেয়েও আমি ওদের কথা শুনে হাসি। দেখেন ও বাবার কী ভীষণ ভক্ত। তাহলে আমাদের মায়েদের আন্দোলন করা উচিত না? আমরা মায়েরা আন্দোলন করব, এত কষ্ট করে বাচ্চাকে লালন-পালন করলাম আর দেখেন না তারা বাবার ভক্ত হয়ে যায়; মায়ের চেয়েও বাবাকে বেশি ভালোবাসে।’

জয়কে বিদেশে পাঠানোর বিষয়ে সেসময় অপু বলেছিলেন, এখানে নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে, যা ওর জীবনে প্রভাব ফেলতে পারে, যার কারণে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায়। তাই আমার কাছে মনে হয়েছে, খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত। যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাব, তখন খুব বেশি খারাপ লাগেনি। কিন্তু যত দিন যাচ্ছে, ততই খারাপ লাগছে। তবে খারাপ লাগলেও কিছু করার নেই। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা-মায়েরই।

অপু বিশ্বাস আরও বলেন, ছেলে বিদেশ গেলেও আমি কাজ নিয়ে থাকব। শাকিবও জয়ের দেখাশোনা করবেন। বিদেশে জয় একা থাকবে না। আমাদের পরিবারের সদস্যরা মিলেমিশেই থাকা হবে।

তবে এসব পরিকল্পনা বাতিল ছেলে জয়কে নিজের কাছেই রাখছেন অপু বিশ্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত