খুলনায় অবস্থিত নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপ-উপাচার্য পদে শনিবার যোগদান করেছেন অধ্যাপক ড. আনোয়ারুল হক জোয়ারদার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো.শাহাবুদ্দিন আগামী চার বছরের জন্য সম্প্রতি তাকে এই পদে নিয়োগ দেন। খুলনার ডুমুরিয়ার হাসানপুরে জন্ম নেওয়া আনোয়ারুল হক জোয়ারদার মূলত আনোয়ার এইচ জোয়ারদার নামেই পরিচিত।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জনের পর ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও থেকে এমএসসি ও পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৮৮ ও ১৯৯২ সালে। ডিগ্রি শেষে একই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন।
আন্তর্জাতিক অধ্যাপক জোয়ারদার কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ওমান, ব্রুনাই, বাংলাদেশ ও মরোক্কোর ১৪টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করেছেন।
এর আগে তিনি বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা থেকে ছুটিতে থাকাকালীন মরোক্কোর আল আখাওয়েইন ইউনিভার্সিটি ইন ইফরান অধ্যাপনা করেছেন। ইতিপূর্বে তিনি নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনায় প্রায় ৩.৫ বছর ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিসংখ্যান ও গণিতে তার ৯৩টি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। তার গবেষণার এইচ ইনডেক্স ১৬। পাঠ্যবই ও গবেষণা মনোগ্রাফে তার গবেষণার ফলাফল সন্নিবেশিত হয়েছে।
