৪৭ বছর আগের লজ্জার রেকর্ড একসঙ্গে ভাঙলেন কোহলি-রোহিত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:১৪ এএম

বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্য ২০২৪ সালটা যেমন স্মরণীয়, তেমনই তারা এই বছরটা ভুলতেও চাইবেন। গত বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। কিন্তু কোহলি আর রোহিত ছিলেন ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ। পারফর্মেন্সে ছিল না ধারাবাহিকতা। তারা রীতিমতো এক বছরে টেস্টে এক অংকের ঘরে আউট হওয়ার রেকর্ড গড়েছেন! ভেঙেছে ৪৭ বছর আগের লজ্জার রেকর্ড।

২০২৪-২৫ মৌসুমে রোহিত টেস্টে ১৫টি ইনিংস খেলেছেন। ১০বার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। কোহলিও গত বছর ১০ বার এক অংকের ঘরে আউট হয়েছেন। তবে রোহিতের চেয়ে চারটি ইনিংস বেশি খেলেছেন ভারতের ব্যাটিং কিং। টেস্টে দলের প্রথম সাত ব্যাটারের মধ্যে রোহিত ও কোহলি এক বছরে সবচেয়ে বেশিবার এক অংকের ঘরে আউট হয়েছেন।

এতদিন এই বিব্রতকর রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ক্রেগ সেরজিয়ান্টের দখলে। ১৯৭৭-৭৮ মৌসুমে ১৮ ইনিংসে তিনি ৯ বার সিঙ্গেল ডিজিটে আউট হয়েছিলেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার ব্যাটার গ্যারি কার্স্টেন ও ভারতের দিলীপ ভেঙসরকারও টেস্টে এক বছরে ৯ বার এক অংকের ঘরে আউট হয়েছেন। ১৯৯৬-৯৭ মৌসুমে কার্স্টেন ১৮টি ও ১৯৮২-৮৩ মৌসুমে ভেঙসরকার ২০টি ইনিংসে এই লজ্জার কীর্তি গড়েন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রোহিত ও কোহলির ব্যাটে খরা চলছে। রোহিত এই সিরিজে তিনটি টেস্ট খেলেছেন। পাঁচটি ইনিংসে করেছেন মাত্র ৩১ রান, সর্বোচ্চ ১০! বাকি চারটি ইনিংসে এক অংকের ঘরে আউট হয়েছেন। কোহলির অবস্থা অবশ্য একটু ভালো। ৯ ইনিংসে এক সেঞ্চুরিসহ করেছেন ১৯০ রান। এই ৯ ইনিংসের মাঝে পাঁচটিতেই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত