ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রবিবার (৫ জানুয়ারি) সকালে মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তবে আগে থেকে শিডিউল পরিবর্তনের তথ্য জানাজানি হওয়ার কারণে যাত্রীদের ভোগান্তি কম হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট (বিএস৩৫০) সকাল ৬টা ২২ মিনিটে চট্টগ্রামে নামতে না পেরে ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। ঘন কুয়াশার একই এয়ারলাইন্সের মাস্কাট থেকে চট্টগ্রামগামী ফ্লাইট (বিএস৩২২) সকাল সোয়া ৯টায় চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
ঘন কুয়াশার কারণে দৃশ্যময়তা কম থাকায় সকাল ৬টা ২২ মিনিটের ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। একইভাবে মাস্কাট থেকে আসা সকাল সোয়া ৯টার ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, চট্টগ্রাম থেকে কলকাতায় ডাইভার্ট হওয়া ইউএস বাংলার ফ্লাইট (বিএস৩৫০) ১৫২জন যাত্রী নিয়ে দুপুর ১২টা ৪ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। অপরদিকে ঢাকার শাহজালালে ডাইভার্ট হওয়া ইউএস বাংলার ফ্লাইট (বিএস৩২২) ১৪৩ জন যাত্রী নিয়ে রবিবার দুপুর ১২টা ৪৭মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় পাঁচঘণ্টা পর বেলা ১১টার দিকে শাহ আমানত বিমানবন্দরের উড়োজাহাজের চলাচল স্বাভাবিক হয়। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে শাহ আমানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলাসহ আন্তর্জাতিক বিভিন্ন ক্যারিয়ারের ফ্লাইট শিডিউল বিপর্যয় ঘটে। এ সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন।
সরকারের অনেকে শিশুসুলভ বক্তব্য দিচ্ছেন: শামসুজ্জামান দুদু
‘তাহসান জিতেছে’ বলায় ক্ষিপ্ত তসলিমা নাসরিন