মাত্র এক মিনিটেই ৫৭টি চলন্ত পাখা জিহ্বা দিয়ে থামিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ভারতীয় যুবক ক্রান্তি কুমার পানিকর। শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ক্রান্তি কুমার পানিকরের অসাধারণ এই কীর্তির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, সারি দিয়ে দাঁড় করানো অনেকগুলো ফ্যানের সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্রান্তি। এক এক করে পাখার ব্লেডগুলোকে নিজের জিভ দিয়ে থামিয়ে দিতে সক্ষম হয়েছেন ক্রান্তি। পাখাগুলো বেশ জোরেই ঘুরছিল। অদ্ভুত ও একই সাথে ভয়াবহ এই স্টান্ট দেখে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা শিউরে উঠেছেন।
‘ড্রিল ম্যান’ হিসেবে পরিচিত ক্রান্তি কুমার নানা সাহসী চ্যালেঞ্জ নেয়ার জন্য বিশেষভাবে জনপ্রিয়। তিনি ‘বিগ সেলিব্রিটি চ্যালেঞ্জ’, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’, ‘জেড ট্যালেন্ট শো’ এবং ‘ইন্ডিয়া কা মাস্ত কালান্দার’-সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে তার দক্ষতা দর্শকদের সামনে তুলে ধরেছেন। এমনকি ‘আমেরিকাস গট ট্যালেন্টে’র মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও তার প্রতিভা সকলের দৃষ্টি কেড়েছে।
২ জানুয়ারি পোস্ট হওয়া ওই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ক্রান্তি কুমারের এই ব্যতিক্রমী প্রতিভা দেখে আশ্চর্য হয়েছেন নেটিজেনরা। এই ভিডিওটি সমাজমাধ্যমে এক কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে। প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে ভিডিওতে। একজন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘এটি জিহ্বা না লোহা!’ আরেকজন জিজ্ঞাসা করেছেন, ‘এর জন্য কোনও প্রশিক্ষণের ব্যবস্থা আছে?’
জানা গেছে, ক্রান্তি কুমারের এই যাত্রা শুরু হয়েছিল বহু বছর আগে। যখন থেকে অদ্ভূত এবং উদ্ভট সব স্টান্ট করা শুরু করেছিলেন ক্রান্তি। একেবারে প্রথম দিকে নিজের নাক এবং হাতের আঙুল ব্যবহার করে ঘুরন্ত পাখা বন্ধ করতেন তিনি। সেসব দেখে শিউরে উঠত দর্শক, মজাও পেত। এরপর জিহ্বা দিয়ে পাখা বন্ধ শুরু করেন ক্রান্তি। তাতে সফলও হন। আর, এবার সেভাবেই বিশ্ব মঞ্চে স্বীকৃতি লাভ করলেন ক্রান্তি।
৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে সিদ্ধান্ত কবে, জানাল মন্ত্রণালয়
ছোট রাহার জন্য ২৫০ কোটি রুপির বাড়ি উপহার আলিয়া ও রণবীরের