ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন, যা তার আসন্ন রোম সফরের আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। মেলোনির কার্যালয় রবিবার এই তথ্য জানিয়েছে।

মেলোনির এই সাক্ষাতের লক্ষ্য মূলত ট্রাম্পের সাথে সম্পর্ক শক্তিশালী করা এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে ইতালির সম্পর্ক উন্নয়ন করা। মেলোনির এই সফর আন্তর্জাতিক পর্যায়ে তার অবস্থানকে আরও দৃঢ় করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে মেলোনি ট্রাম্পের সাথে সম্পর্ক জোরালো করতে চেয়েছেন, কারণ ট্রাম্পের ভবিষ্যৎ শাসনামলে ইউরোপে কিছু তিক্ত সম্পর্কের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, ট্রাম্প ইউরোপের সাথে একটি বাণিজ্যযুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন এবং ন্যাটো ও ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন কমানোর কথা বলেছেন।

মেলোনি এবং ট্রাম্পের বৈঠকের বিস্তারিত বিষয় এখনও প্রকাশিত হয়নি, তবে অনুমান করা হচ্ছে যে তারা বৈশ্বিক ও ভূরাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। 

স্থানীয় সময় রবিবার সকালে অতি-ডানপন্থী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ছবিতে দেখা যায়, মেলোনি ও ট্রাম্প মার-এ-লাগোর প্রবেশপথে ছবি তুলছেন এবং একটি রিসেপশন রুমে কথোপকথন করছেন, যেখানে একটি বড় ক্রিসমাস ট্রি দৃশ্যমান ছিল।

মেলোনির কার্যালয় দুই নেতার সাক্ষাতের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সফরে একটি চলচ্চিত্র প্রদর্শনী ও রাতের খাবার অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া ইতালির সব পত্রিকায় রবিবার দুই রক্ষণশীল নেতার পাশাপাশি ছবি প্রধান শিরোনামে ছিল।  

ফার-রাইট ব্রাদার্স অব ইতালি দলের নেতৃত্ব দেওয়া মেলোনি সম্প্রতি ট্রাম্পের কাছে আসা কয়েকজন বিদেশি নেতার মধ্যে একজন। অন্যদের মধ্যে কানাডার জাস্টিন ট্রুডো ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত