অ্যানফিল্ডে আমোরিম দেখলেন, এখনও লড়াই করতে পারে ম্যানইউ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম প্রথমবার অ্যানফিল্ডে পা রেখেই দেখালেন যে তার দলের মাঝে এখনো লড়াই করার মানসিকতা বেঁচে আছে। পাঁচ হার ও মাত্র দুই জয়ের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে লিভারপুলের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা প্রমাণ করল যে 'রুবেন ইন্টারিম' তকমা মুছে ফেলার সময় এসেছে।

অ্যানফিল্ডে শক্তিশালী লিভারপুল, যারা প্রিমিয়ার লিগের শীর্ষে এবং চ্যাম্পিয়নস লিগেও দাপিয়ে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ইউনাইটেড দেখাল সাহসিকতার পরিচয়। লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে গেলেও কোডি গাকপো ও মোহাম্মদ সালাহর গোল ইউনাইটেডকে পিছিয়ে দেয়। কিন্তু শেষ মুহূর্তে আমাদ দিয়ালোর গোল এনে দেয় গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।

বড় চমক ছিল ইউনাইটেডের লড়াকু মনোভাব। হ্যারি ম্যাগুইয়ার শেষ মুহূর্তে খালি পোস্টে গোল করতে ব্যর্থ না হলে ইউনাইটেড হয়তো ২০১৬ সালের পর অ্যানফিল্ডে প্রথম জয় নিয়ে ফিরতে পারত।

কোচ রুবেন আমরিম বলেন, 'যখন আমরা মনোযোগ দেই, বলের জন্য লড়াই করি এবং ক্লান্ত হয়ে পড়লেও খেলা চালিয়ে যাই, তখন আমরা একটি ভালো দল। এই মনোভাব ধরে রাখতে হবে প্রতিটি ম্যাচে।'

অন্যদিকে, অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস বললেন, 'যদি আমরা অ্যানফিল্ডে এটা করতে পারি, তাহলে কেন আমরা অন্য কোথাও পারব না? আমাদের টেবিলের অবস্থান বলে দিচ্ছে আমরা অনেক পয়েন্ট হারিয়েছি। এবার এই মানসিকতা ধরে রাখতে হবে প্রতিটি ম্যাচে।'

ম্যানইউর এই পারফরম্যান্স প্রমাণ করল যে সঠিক দিকনির্দেশনায় তারা ঘুরে দাঁড়াতে সক্ষম। এখন দেখার বিষয়, তারা এই গতি ধরে রাখতে পারে কিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত