হেলস-সাইফ ১৮৬ রানে ২০৬ তাড়া করে সফল রংপুর

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নামার পর থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন অ্যালেক্স হেলস। বিপিএলে তার ব্যাটে আরও একবার ঝড় উঠল। সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্যকে সহজ বানিয়ে ফেলে তার অপরাজিত সেঞ্চুরি। সাইফ হাসানের ঝড়ো হাফ সেঞ্চুরির সঙ্গে ১৮৬ রানের রেকর্ড জুটিতে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর।

লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের শুরুটা ছিল মোটেও ভালো নয়। প্রথম ওভারেই আজিজুল হাকিম তামিমকে হারিয়ে চাপে পড়ে তারা। তানজিম হাসান সাকিবের অফস্টাম্পে থাকা একটি ডেলিভারি ব্যাকফুটে গিয়ে খেলতে দেরি করেন তামিম। ক্যাচ তুলে দেন বোলারের দিকেই। তবে ইনফর্ম ব্যাটার সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের ব্যাটে ঘুরে দাঁড়ায় রংপুর।

পাওয়ার প্লেতে মাত্র একটি উইকেট হারিয়ে ৫৪ রান তোলে দলটি। এরপর দুজন মিলে ১০.২ ওভারে স্কোরবোর্ডে যোগ করেন ১০০ রান। প্রথমে সাইফ হাসান ৩১ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। পরের ওভারেই হেলসও একই সংখ্যক বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন।

১৮৬ রানের রেকর্ড জুটি গড়ার পথে সাইফ হাসান আউট হন ৪৯ বলে ৮০ রান করে। তার ইনিংসে ছিল তিনটি চার ও সাতটি বিশাল ছক্কা। এরপর ৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেলস, যা বিপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরি। ১৯তম ওভারে ২১ রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন হেলস। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৭টি ছক্কা। চার বলে ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ইফতিখার আহমেদ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে সিলেট স্ট্রাইকার্স। মাত্র পাঁচ ওভারেই দলের রান ৪৭-এ নিয়ে যান ওপেনার জর্জ মানজি ও রনি তালুকদার। মানজি (১৫ বলে ২৩) দ্রুত বিদায় নিলেও রনি ৩০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। সাতটি চার ও তিনটি ছক্কায় ৩২ বলে ৫৪ রান করেন তিনি। তবে ইনিংস লম্বা করতে পারেননি। শেখ মেহেদীর বলে এলবিডব্লিউ হন তিনি।

এরপর জাকির হাসান ও পল স্টার্লিং রানের গতি ধরে রাখেন। তবে স্টার্লিং (১৬ বলে ১৬) সুবিধা করতে পারেননি। জাকির অবশ্য ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। তার ইনিংসে ছিল চারটি ছক্কা। ৩৮ বলে ৫০ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ফেরেন তিনি।

শেষ দিকে আমেরিকান ব্যাটার অ্যারন জোনসের ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস ও জাকের আলী অনিকের ৩ বলে তিনটি ছক্কায় করা ২০ রানের ক্যামিওতে ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় সিলেট। রংপুরের হয়ে সাইফউদ্দিন নেন দুটি উইকেট। তবে সেই রানও অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের ঝড়ে পর্যাপ্ত মনে হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত