কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী (১৮) সাহায্য চেয়েও কারো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন। এ ঘটনার পর দোষীদের শাস্তি চেয়ে সোমবার (৬ জানুয়ারি) চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্র-জনতা। এর আগে রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বদরখালী ইউনিয়নের উপকূলীয় বেড়িবাঁধের প্যারাবনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, রাতে বাঁশখালীতে এক আত্মীয়র বিয়েতে গিয়েছিল কিশোরী। সেখান থেকে অটোরিকশায় বাড়িতে ফিরছিল। কিন্তু বদরখালী সেতুর ওপর ‘গাড়ি নষ্ট হয়েছে’ বলে অটোরিকশাচালক তাকে নামিয়ে দেয়। এরপর কিশোরী পায়ে হেঁটে সেতু পার হচ্ছিল।
এ সময় সেতুর পূর্ব অংশে দুইজন যুবক তার গতিরোধ করে। চিৎকার করতে চাইলে একজন এসে ছুরি ধরে তার মুখ চেপে ধরে বেড়িবাঁধের প্যারাবনে নিয়ে যায়। সেখানে চার থেকে আটজন যুবক মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে অবচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় পথচারী ও গাড়ি চালকদের কাছে সাহায্য চাইলেও কেউ সাড়া দেয়নি। একপর্যায়ে ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তিনি চিৎকার করেন। এ সময় লোকজন জড়ো হয় এবং তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ভুক্তভোগী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
এদিকে ভুক্তভোগীর পরিবার, পুলিশ ও সিএনজি চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বদরখালী স্টেশনের সিএনজির লাইন ম্যান বাবুল, জাহাঙ্গীর, মামুন, নাইট ডিউটির দায়িত্বে থাকা গিয়াস উদ্দিনের সহযোগিতায় সিএনজি চালক ছোটন, শরীফ, সাকিব, তাজুলসহ কয়েকজন এ ঘটনা ঘটান।
ভুক্তভোগীর মামা জানিয়েছেন, ঘটনাস্থলের পাশেই তার ভাগ্নি একটি মানিব্যাগ কুড়িয়ে পান। সেখান থেকে একজনকে শনাক্ত করা হয়। পরে কিশোরী যেই অটোরিকশায় উঠেন সেই চালকের সূত্র ধরে অন্যদের চিহ্নিত করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছি। তাদের আইনের আওতায় আনার কাজ চলছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগীর দেওয়া তথ্যের সূত্র ধরে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। কিছু আলামতও সংগ্রহ করেছে পুলিশ। ভুক্তভোগী ও তার পরিবারের লিখিত অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে বলে জানান তিনি।
এদিকে রাতের আঁধারে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সোমবার সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এদিন সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে যান চলাচল বন্ধ ছিল।
কিশোরীকে একা পেয়ে প্যারাবনে সংঘবদ্ধ ধর্ষণ
পেঁয়াজের রপ্তানি মূল্য টনপ্রতি ১০০ ডলার কমাল ভারত