চবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক হয়েছেন। আটক সাজ্জাদ হোসেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী । 

সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে তাকে আটক করে শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে চবির শহীদ হৃদয় তরুয়ার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

তাকে আটকের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান অনুষদে জড়ো হয়।

এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? সন্ত্রাসীদের আস্তানা এ ক্যাম্পাসে হবে না, ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সাজ্জাদ হোসেন নিজ এলাকার ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও জুলাই আন্দোলনের সময় তিনি নানাভাবে শিক্ষার্থীদের হুমকি দিতো। ৩ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সাথে তিনি জড়িত ছিলেন। আমরা কোনো ফ্যাসিস্টের দোসরদের ক্যাম্পাসে দেখতে চাই না। তিনি আজ ছয় নম্বর পরীক্ষা দিতে এসেছেন, কীভাবে একজন হত্যাকারী ইতোপূর্বে পাঁচটি পরীক্ষা দিয়েছে? আমরা এই হত্যাকারীর ছাত্রত্ব বাতিল চাই।

রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ হাজারী বলেন, সাজ্জাদ জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। অনলাইনে নানাভাবে শিক্ষার্থীদের হুমকি দিয়েছেন। আমরা এই হামলাকারীকে আর চবি ক্যাম্পাসে দেখতে চাই না। প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। 

ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব জানান, 'সাজ্জাদ হোসেন নামের ওই ছাত্রলীগ নেতা আমার ডিপার্টমেন্টের ছোট ভাই হৃদয় তারুয়াকে হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। এমন সন্ত্রাসীকে ক্যাম্পাসে দেখে আমরা বিস্মিত। এদের এখনো বিচার না হওয়া প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে।'

এ সময় রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো নির্দেশনা না থাকায় আমরা তার পরীক্ষার সুযোগ করে দেই। আমরা তাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে দিয়েছি। যে কেউ যেকোনো আদর্শ ধারণ করতে পারে। আমাদের তার বিরুদ্ধে লিখিত নির্দেশনা দিলে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতাম না।

প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক ছাত্রকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করেছে। পরে তারা প্রক্টর অফিসে নিয়ে আসে। আমরা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাকে হস্তান্তর করেছি। প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

এই বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার বলেন, আমাদের কাছে ছাত্রলীগের একজন কর্মীকে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে চালান করে দিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত