ধান কেটে নেওয়ার প্রতিবাদ করায় শিশুসহ ২ নারীকে জখম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

পাকা ধান কেটে নেওয়ার প্রতিবাদ করায় পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় জেসমিন বেগম (৪০), তার মেয়ে মদিনা আক্তার (২০) ও দেবরের ছেলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া সিয়াম (১৩) আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, জেসমিন বেগমের স্বামীর আড়াই কুড়া জমিতে চলতি মৌসুমে লোক দিয়ে চাষাবাদ করে ধান রোপণ করেন। বর্তমানে ধান কাটা মৌসুমে প্রবাসী মহিউদ্দিন সরদারের ভাগিনা, একই এলাকার ফারুক হাওলাদারের ছেলে ফয়সাল ওই জমি দাবি করে ৩০-৪০ জন ভাড়াটিয়া লোক সহকারে ধান কাটতে শুরু করে। এসময় বাঁধা দিতে গেলে ফয়সাল ও তার খালাতে ভাই ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আব্দুল্লাহর নেতৃত্বে ৫-৭ জন লোক সন্ত্রাসী স্টাইলে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

ওই জমির বর্গাচাষি পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের বাসিন্দা আ. সালাম মল্লিক বলেন, ‘প্রবাসী মহিউদ্দিন সরদারের ওই জমি আমি চাষাবাদ করি। আজ সকালে ফয়সাল ও তার খালাতো ভাইয়ের নেতৃত্বে ৩০-৪০ জন ভাড়াটিয়া লোক ধান কাটতে শুরু করলে জেসমিন বেগম বাধা দেন। প্রতিপক্ষরা তাকে মারধর শুরু করে। তখন তার মেয়ে ও দেবরের ছেলে তাকে উদ্ধার করতে গেলে সবাইকে মারধর করা হয়।’

এ ব্যাপারে অভিযুক্ত ফয়সাল হাওলাদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত